যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন, বধূর ‘আত্মহত্যা’

আপডেট : ০২ জুন ২০১৯, ০১:১১ এএম

কিশোরগঞ্জের ভৈরবে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে রিয়া বেগম তানিয়া (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ স্বজনদের। গত শুক্রবার উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই দিন বিকেলে তানিয়ার স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গৃহবধূ তানিয়ার মামা হুমায়ুন মিয়া জানান, গত দুই বছর আগে উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামের তাহের মিয়ার মেয়ে তানিয়ার সঙ্গে একই ইউনিয়নের জগমোহনপুর গ্রামের তৌহিদ মিয়ার ছেলে কাউসারের বিয়ে হয়। বিয়ের কদিন পরই যৌতুকের দাবিতে কাউসার মিয়া তানিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন লেগেই থাকত। প্রায়ই তানিয়া রাগ করে বাবার বাড়ি চলে যেতেন। মেয়ের সুখের জন্য বেশ কয়েকবার সাধ্য অনুযায়ী যৌতুকের দাবি পূরণও করে তানিয়ার পরিবার।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার আবার স্বামীর বাড়ি যান তানিয়া। তিনি জানতে পেরেছেন বাড়ি যাওয়ার পর কাউসার ওই রাতেই যৌতুকের জন্য তানিয়াকে মারধর করেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে শুক্রবার সকালে গলায় দড়ি পেঁচিয়ে ঘরের আড়ার (ধরনা) সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তানিয়া। ভৈরব থানার উপপরিদর্শক আমজাদ হোসেন জানান, অভিযুক্ত স্বামী কাউসারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত