সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে অবৈধ চাঁদা আদায়কে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার ও একজনের মৃত্যুর ঘটনায় পাঁচ ভাইয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আবদুল আহাদ গতকাল শনিবার পাঁচটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেন। যাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে তারা হলেন শাহীন আহমেদ চৌধুরী (ডিবিবিএল বন্দুক), জামাল আহমেদ চৌধুরী (এসবিবিএল বন্দুক, পর্তুগালের তৈরি), শামীম আহমেদ চৌধুরী (শটগান), কামাল চৌধুরী (শটগান) ও আহমেদ শাখাওয়াত চৌধুরী সেলিম (শটগান, তুর্কির তৈরি)।
উল্লেখ্য, গত ১৪ মার্চ সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে অবৈধ চাঁদা আদায় ও আধিপত্য বিস্তার নিয়ে জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও তার ছোট ভাই জেলা আ.লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরীর সমর্থকদের সংঘর্ষে এক দরিদ্র ভ্যানচালক নিহত ও ছাতক থানার ওসিসহ শতাধিক আহত হন।
