‘নোলকে’র জন্য একটা গেম প্ল্যান নিয়ে এগোচ্ছি: সাকিব সনেট

আপডেট : ০২ জুন ২০১৯, ১০:১১ পিএম

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সাকিব সনেট অ্যান্ড টিম পরিচালিত ‘নোলক’। শাকিব খান ও ববি অভিনীত ছবিটির টিজার মুক্তি পেয়েছে আজ। টিজারটি অনেকেই প্রশংসা করেছেন। ছবিটি ঘিরে কথা হলো প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে।

সাকিব দেশ রূপান্তরকে জানালেন, ‘আমরা শুরু থেকেই ৬০ থেকে ৭০টি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। কারণ দেশে ভালো মানের হলের সংখ্যা খুব কম। আমরা ভালো ভালো হলগুলোতে শুরুতে দিতে চাই। সেগুলোর রেসপন্সের ওপর ভিত্তি করে পরবর্তী প্ল্যান নিব। মূলত নোলক নিয়ে একটা গেম প্ল্যান নিয়ে এগোচ্ছি।’

এদিকে ‘নোলক’ টিম প্রচারণা করলেও শাকিব খান নেই নোলকের প্রচারণায়। শুধু তাই নয়, ছবির নায়ক হয়েও ছবিটির মুক্তির ব্যাপারে বিরোধিতা করে আসছেন। শাকিব খানের সঙ্গে নোলক টিমের সমস্যা কোথায়? জবাবে সাকিব সনেট বলেন, ‘শাকিব ভাই, অনেক সাক্ষাৎকারেই নোলকের প্রশংসা করেছেন। তিনি আসলে তার মতো করেই চলেন। সেগুলো নিয়ে আমরা ভাবি না। আর ওনার বিরোধিতা করার ব্যাপার নিয়েও আমি কিছু বলতে চাই না।’

২০১৭ সালের ডিসেম্বরের ১ তারিখ থেকে রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হয়। সে সময় পরিচালক হিসেবে ছিলেন রাশেদ রাহা। কিন্তু তাদের মধ্যে ঝামেলার কারণে পরিচালনার দায়িত্ব নেন সাকিব সনেট। আগের পরিচালক রাশেদ রাহার সঙ্গেও ঝামেলা রয়েছে সাকিব সনেটের। ঘটনা আদালত পর্যন্তও গড়িয়েছে। বিষয়টি নিয়ে সনেট বলেন, ‘আসলে পরিচালক হিসেবে আমরা শুরুতে রাশেদ রাহাকেই বেছে নিয়েছিলাম। কিন্তু শুটিং স্পটে বারবার ও ভুল করছিল। তার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছিল। সেই ক্ষতি যেন আর না হয় সে জন্যই আমরা রাশেদ রাহাকে বাদ দিয়েছি। ছবি মুক্তিতে এই ঘটনা কোনো প্রভাব ফেলবে না।’

‘নোলক’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। এই ছবিতে শাকিব-ববি ছাড়াও আরও অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত