বিএনপির নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের শিশু-কিশোরদের ‘ঈদ উপহার’ দিয়েছেন দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার পক্ষে এ ঈদ উপহার তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিখোঁজ নেতাদের স্বজনদের মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলতে চাই, আপনারা কখনোই মনে করবেন না আপনারা একা, আপনারা কখনোই মনে করবেন না আমরা যারা আপনাদের সঙ্গে কাজ করছি আমরা আপনাদের ভুলে গেছি এটা মনে করার কোনো কারণই নেই। আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি এবং লড়াই করছি, সংগ্রাম করছি, দেশের মানুষ লড়াই করছে। ইনশাল্লাহ আমরা জয়ী হবই, আপনাদের এই দুঃখের, এই কষ্টের অবসান হবেই এবং নিশ্চয় আমরা একটা শান্তিময় বাংলাদেশ ফিরে পাব।’ নিখোঁজ নেতাকর্মীর ছেলেমেয়েদের ভালোভাবে শিক্ষাগ্রহণের বিষয়টি দলকে জানানোর জন্যও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বিএনপি মহাসচিব।
পরে বর্তমান সরকারের আমলে বিভিন্ন সময়ে ‘গুম-খুন নেতাকর্মীদের’ স্বজনদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে বিএনপি। দীর্ঘদিন নিখোঁজের পর কারাগার থেকে মুক্তি পাওয়া আনিসুর রহমান তালুদার খোকনসহ নিখোঁজ নেতাদের পরিবারের সদস্য ও শিশুদের আবেগময় বক্তব্যে এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিখোঁজ নেতাকর্মীর স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে দলের মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান শিমুল প্রমুখ।
×
