সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশে যোগাযোগব্যবস্থা উন্নতির কারণে এবার ইতিহাসের সবচেয়ে আরামদায়ক ও স্বস্তির ঈদযাত্রা হচ্ছে। গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড মনিটরিং কন্ট্রোল সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে ঢাকা থেকে দেড় ঘণ্টায় কুমিল্লা এবং চার ঘণ্টায় চট্টগ্রামে যানবাহন পৌঁছাতে সক্ষম হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা এবার স্বস্তিদায়ক হয়েছে। গাজীপুর থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক চার লেনে উন্নত হওয়ায় উত্তর জনপদেও দুর্ভোগের অবসান হয়েছে। সড়ক-মহাসড়কের জন্য বাংলাদেশের
কোথাও কোনো যানজট হচ্ছে না।’
সেতুমন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশের দীর্ঘদিনের দাবি ছিল মহাসড়কগুলোতে মনিটরিং ও বিশ্রামের জন্য সেন্টার নির্মাণ করার। সেই প্রতীক্ষিত
হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড মনিটরিং কন্ট্রোল সেন্টার নির্মিত হয়েছে মেঘনা টোল প্লাজায়। এখান থেকে মহাসড়কের যানজটসহ সার্বিক পরিস্থিতি মনিটরিং করা যাবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে হাইওয়ে পুলিশের জন্য মনিটরিং অ্যান্ড কমান্ড ভবন নির্মাণ করা হবে।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে যানবাহনের চালকদের বিশ্রামের জন্য বিশ্রামাগার নির্মাণ করা হবে। এ জন্য মালিক-শ্রমিক নেতাদের হাইওয়ের পাশে জায়গা নির্বাচন করার আহ্বান জানান মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘হোলি আর্টিজানের পর জঙ্গিবাদ মোকাবিলায় আমরা সক্ষমতা অর্জন করেছি। আসন্ন ঈদের জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলা উড়িয়ে দেওয়া যায় না। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবিলা করার জন্য তৎপর রয়েছে।’
বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাদের বলেন, অতীতে যারা দুর্নীতিতে তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এবং যাদের বিরুদ্ধে এখনো দুর্নীতির বিচার চলছে, তাদের মুখে দুর্নীতির অভিযোগ ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়।
এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সবুর খান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
