জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ পড়তে আসা মুসল্লিদের তিন ধাপে তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে। জায়নামাজ ও ছাতা ব্যতীত কোনো কিছু সঙ্গে আনতে পারবেন না।
সোমবার বেলা ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় থাকবে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। প্রস্তুত থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
ঈদগাহে প্রবেশের পূর্বে প্রত্যেক মুসল্লিকে তিন ধাপে তল্লাশির মাধ্যমে ঈদগাহে ঢুকতে দেওয়া হবে। একই নিরাপত্তা ব্যবস্থা বায়তুল মোকাররম মসজিদেও নেওয়া হয়েছে। শিক্ষাভবন, মৎস্যভবন ও প্রেসক্লাবের সামনে আর্চওয়ে, মেটাল ডিটেক্টরের মাধ্যমে সবাইকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হবে। এ এলাকায় কেউ গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না। এরপরের ধাপে মূল গেটে এবং ঈদগাহের ভিআইপি জোনের আগে আরও দুই দফা আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হবে।
এছাড়াও ডিএমপি’র ডগ স্কোয়াডের মাধ্যমে ঈদগাহ মাঠ সুইপিং করা হবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। জাতীয় ঈদগাহ এবং বায়তুল মোকাররমে স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরাগুলো রিয়েল টাইম মনিটরিং করা হবে।
নগরবাসীকে অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, “ঈদ জামাতে অংশগ্রহণের জন্য আগত মুসল্লিদের জায়নামাজ এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্যকিছু আনবেন না। ঈদগাহে প্রবেশের পূর্বে সবাইকে তল্লাশি করা হবে। ভ্যানিটি ব্যাগ, ব্যাকপ্যাক, দা, ছুরি, কাচি, যেকোনো ধারালো বস্তু, মোবাইল ফোন, দাহ্য পদার্থসহ অন্য সকল জিনিস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
যে কোনো সমস্যা-প্রয়োজনে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
এর আগে জাতীয় ঈদগাহে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, ঈদগাহের ভেতর পরিদর্শন এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের ডগ স্কোয়াড দিয়ে একটি নিরাপত্তামূলক মহড়া প্রত্যক্ষ করেন ডিএমপি কমিশনার।
জাতীয় ঈদগাহ কেন্দ্রিক গাড়ি পার্কিং নির্দেশনা:
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের গাড়ি পার্কিং করার স্থান- মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবি’র ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেড এর বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে গাড়ি পার্কি করা যাবে।
প্রয়োজনে সরাসরি ফোন করুন:
পুলিশ কন্ট্রোল রুম: ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০।
ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮।
জাতীয় জরুরি সেবা: ৯৯৯
