‘জীবনের উজ্জ্বল বসন্তগুলো আমার সন্তানদের দিয়েছি। এই শেষ বসন্তে এসে কেন আমি নিজের মতো করে বাঁচতে পারব না?’ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জীবনের ৬০টি বসন্ত পেরিয়ে আসা এক বৃদ্ধের এই আকুতি মনে দাগ কেটে যায়। ২৫ বছর বয়সী অর্চিতা স্পর্শীয়ার সঙ্গে প্রেমের কারণে ষাটোর্ধ্ব তারিক আনাম খানকে নাজেহাল হতে হয় পরিবারে, শেষ পর্যন্ত মামলা গড়ায় আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে নিজের একাকিত্বের গল্প বলে জানতে চান, কেন তিনি নিজের মতো করে বাঁচতে পারবেন না। আর এই ঘটনার বর্ণনা পাওয়া যায় অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবির ট্রেলারে।
৩ জুন রাতে ইউটিউবে উন্মুক্ত হয় অনন্য মামুনের ‘আবার বসন্ত’ ছবির ট্রেলার। ছবিটির পরিচালনা করার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও তিনি নিজেই লিখেছেন।
ট্রেলারে এক বয়স্ক মানুষের একাকিত্ব ও অসহায়ত্বের গল্প তুলে ধরা হয়েছে। অসম বয়সী দুজন মানুষের প্রেম ও সামাজিক বিপন্নতা তুলে ধরেছেন পরিচালক।
‘আবার বসন্ত’ সিনেমার ট্রেইলারেই আভাস পাওয়া যাচ্ছে দুর্দান্ত একটি গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক মামুন। পরিচালক অনন্য মামুন দেশ রূপান্তরকে জানিয়েছেন ঈদুল ফিতরে ৭টি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।
‘আবার বসন্ত’ ছবিতে তারিক আনাম-স্পর্শীয়া ছাড়াও আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ইমতু রাতিশ, মুকিত, আনন্দ খালিদসহ অনেকেই। ছবিটি প্রযোজনা করেছে ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড।
