প্রশংসায় ভাসছে ঘুরে দাঁড়ানো পাকিস্তান

আপডেট : ০৪ জুন ২০১৯, ০৯:০৭ এএম

ওয়েস্ট ইন্ডিজের কিপক্ষে বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ঘুরে দাঁড়ানোয় প্রশংসায় ভাসছে। দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি, শোয়েব আখতারসহ অনেকে।

সোমবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে স্বাগতিক ইংল্যান্ডকে ১৪ রানে হারায় পাকিস্তান। দলটির বেধে দেওয়া ৩৪৯ রানের টার্গেট তারা করতে নেমে ৯ উইকেটে ৩৩৪ রান করে ইংলিশরা। টানা ১১ ম্যাচে হারের পর জয়োল্লাসে মাতে সরফরাজ আহমেদের দল।

পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে দলটির সাবেক অধিনায়ক আফ্রিদি টুইটারে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আমাদের দল ও তাদের সক্ষমতা নিয়ে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী। সত্যিকার অর্থে বিশ্বাস করি, তারা এবারের বিশ্বকাপ জিততে পারবে। ৫৪ রানের ইনিংস খেলা সরফরাজ আহমেদসহ সবার শুভ কামনা করছি।”

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার লিখেছেন, “কী দারুণ পারফরম্যান্স। এরপরও কিছু দুর্বলতা আছেভ। তবে আমরা ট্র্যাকে আছি। সাবাস ছেলেরা।”

পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সাবেক পেসার ওমর গুলও। দলটির ঘুরে দাঁড়ানোতে মুগ্ধ ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। টুইটারে তিনি লিখেছেন, “পাকিস্তানের দারুণ একটি জয়। প্রায় চার বছর পর রান তাড়া করতে গিয়ে হারলো ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হারার পর পাকিস্তান তাদের চরিত্রটা ভালোভাবেই দেখিয়েছে। শেষ দিকে ওয়াহাব ও আমির খুব ভালো করেছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত