মুক্তি পেল হৃত্বিক রোশনের ‘সুপার থার্টি’র ট্রেলার। শিক্ষকের ভূমিকায় দারুণ ইমপ্রেসিভ লেগেছে কৃশ তারকাকে।
বিহারের অংকের শিক্ষক আনন্দ কুমারের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ঘোষণার পর থেকেই এই ফিল্ম নিয়ে দারুণ উত্সাহ তৈরি হয়েছে দর্শকদের মনে।
পোস্টার প্রকাশের পর মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার পোস্ট করেন হৃত্বিক। ক্যাপশনে লেখেন, ‘সব সুপারহিরো জ্যাকেট পরেন না। এটা একটা ভাবনা যা একটি দেশকে তৈরি করে। মানুষ একে শক্তি জোগায়। দেশের অন্তঃস্থল থেকে তেমনই একটি গল্প পরিবেশন করছি।’
সম্প্রতি চীনে তার ছবি কাবিলের মুক্তিতে উপস্থিত থেকে আপকামিং মুভি নিয়ে হৃত্বিক বলেন, ‘সুপার থার্টি এমন একটা ছবি যা একজন শিক্ষক এবং শিক্ষার শক্তি ও মূল্যবোধের কথা বলে। আর এখানেই চীন ও ভারতের মধ্যে সমতা রয়েছে। তারাও শিক্ষককে খুবই শ্রদ্ধা জানান।’
হৃত্বিক ছাড়াও সুপার থার্টিতে-তে আছেন ম্রুণাল ঠাকুর, নন্দীশ সিং, অমিত সাধ, পঙ্কজ ত্রিপাঠি ও বিজয় বর্মা। বিকাশ বহেলের এই ছবি মুক্তি পাবে ১২ জুলাই।
