মুশফিকের হাস্যকর ভুলে টুইটারে সমালোচনার ঝড়

আপডেট : ০৬ জুন ২০১৯, ১০:৪৮ এএম

২৪৪ রানের সংগ্রহ নিয়েও লড়াইটা বেশ জমিয়ে তুলেছিল বাংলাদেশ। কিন্তু উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাস্যকর এক ভুলে ম্যাচটি চলে যায় নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে। উত্তেজনা ছড়ানো ম্যাচটিতে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

বুধবার রাতে কেনিংটন ওভালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে ২ উইকেটের হার মানে বাংলাদেশ। ১৭ বল হাতে রেখে ২৪৫ রানের লক্ষ্য ছাড়িয়ে যায় কেন উইলিয়ামসনের দল।

১১তম ওভারের প্রথম বল শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ৬১ রান। ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানের বল মোকাবেলা করেন রস টেইলর। বল কাছে ঠেলে দিয়েও অপর প্রান্তে থাকা অধিনায়ক উইলিয়ামসনের সাথে প্রান্ত বদলের চেষ্টা করেন টেইলর।

তবে তামিম ইকবাল দ্রুত বল ছুঁড়ে দেন স্ট্রাইকিং প্রান্তে। তামিমের ছুঁড়ে দেওয়া বল স্ট্যাম্পেই আঘাত করতে যাচ্ছিল। তবে নিজ প্রচেষ্টায় রান আউট করতে গিয়ে বল ধরার আগেই গ্লাভসের স্পর্শে বেলের পতন ঘটান মুশফিক। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যান উইলিয়ামসন। টেইলরকে নিয়ে পরে তৃতীয় উইকেটে গড়েন ১০৫ রানের জুটি। এই জুটিতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট।

মুশফিকের এমন হাস্যকর ভুলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তার সমালোচনা। ইরফানুল করিম নামের একজন লিখেছেন, “মুশফিক জাস্ট ড্রপড দ্য ম্যাচ।”

আহাদ হোসেইন নামের একজন লিখেছেন, “মুশফিকের মতো উইকেটকিপার নিয়েই বিশ্বকাপ স্বপ্ন দেখতে হচ্ছে।” আরেকজন লিখেছেন, “মুশফিকুর রহিম আরো একটি বড় ধরনের ভুল করলো। জানি না, কবে সে পরিপক্ব হয়ে উঠবে।”

ওয়াকাস খাত্তাক নামের একজন লিখেছেন, “মুশফিক তুমি কী করলে। বড় পর্যায়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ আরো একবার ভেঙে পড়লো।” হারাফ জুহাইর নামের একজন মুশফিককে কিপিং ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন, “আপনার কিছু জিনিস ছেড়ে দেওয়া উচিত। এটাই উইকেটকিপিং ছেড়ে দেওয়ার উত্তম সময় মুশফিক।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত