কার্ডিফের সংবর্ধনায় ‘মনমরা’ মুশফিক

আপডেট : ০৭ জুন ২০১৯, ০৮:৪২ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারের পর যুক্তরাজ্যের কার্ডিফে পা রেখেছে বাংলাদেশ দল। দলের জন্য বাংলাদেশ হাইকমিশন ওয়েলসের ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে আয়োজিত সংবর্ধনায় সবার মুখে হাসির আলো থাকলেও মনমরা দেখা গেছে মুশফিকুর রহিমকে।

সংবর্ধনা অনুষ্ঠানে একপাশে গোমড়া মুখে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এসময় তার কাছ গিয়ে বর্তমান অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে কিছু একটা বলতে দেখা যায়।

নিউজিল্যান্ডের কাছে দল হারায় অনেকেই মুশফিককে দায়ী করছেন। উইলিয়ামসনকে ওভাবে রান আউটের সুযোগ হাতছাড়া মানতে পারছেন না কেউ কেউ। তবে মাশরাফী বলেছেন, খেলার মাঠে এটি হতেই পারে।

এদিন অনুষ্ঠান শেষে অ্যাসেম্বলি ভবনের বাইরে অনেকেই ছবি তুলছিলেন, মুশফিক তখনও ছিলেন নির্বিকার। আনুষ্ঠানিকতা সেরে সোজা চলে যান বাসে। সেখানেও ছিলেন চুপচাপ।

বাংলাদেশ দল অনুষ্ঠানস্থলে পৌঁছালে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম স্বাগত বক্তব্য দেন। তার বক্তব্যের বিশেষ অংশে ছিল বিগত বছরগুলোতে বাংলাদেশ দলের উন্নতির কথা। উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও।

কার্ডিফ বাংলাদেশের জন্য এক সুখস্মৃতির নাম। দুই বছর আগে এই মাঠে কিউইদের রোমাঞ্চকরভাবে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে গিয়েছিল টিম টাইগার্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত