গরুর মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

আপডেট : ০৮ জুন ২০১৯, ০২:৫২ এএম

গরুর মাংসে হাড় বেশি দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সদর উপজেলার খাটিহাতা ও সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে সদর উপজেলার বিশ্বরোড মোড়ে খাটিহাতার কালু মিয়ার মাংসের দোকানে কুট্টাপাড়া গ্রামের ধন মিয়া মাংস কিনতে যান। মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে দোকানির সঙ্গে ধন মিয়ার বাগ্বিত ও মারামারি হয়। এ সময় মাংসের দোকানি কালু মিয়া ও মাহবুব ছুরিকাহত হন। 

এ খবর ছড়িয়ে পড়লে খাটিহাতা ও কুট্টাপাড়া গ্রামের কয়েকশ লোক দেশি অস্ত্র নিয়ে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে কালু মিয়া ও মাহবুবের মাংসের দোকান, জাকির ও বিল্লালের ফলের দোকান ভাঙচুর ও লুট করা হয়। খবর পেয়ে সদর ও সরাইল থানার পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

সদর থানার এসআই ইশতিয়াক আহমেদ জানান, সংঘর্ষ থামাতে সদর থানার পুলিশ ১৩০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের ১৮টি শেল এবং সরাইল থানার পুলিশ ৩২টি রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে সদর থানার এসআই প্রেমধন, এএসআই নেয়ামত, কনস্টেবল শ্যামল চৌধুরী, মাহবুবুল হাসানসহ দুই পক্ষের ২৫ জন আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্যাপশন : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে  লিপ্ত হয়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত