ভারতে একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় দেশটির আন্তর্জাতিক গোয়া বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটে। এরপর বিমানবন্দরটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
এনডিটিভি জানায়, একটি যুদ্ধবিমানের বিমানের ট্যাঙ্ক খুলে বন্দর চত্বরে আগুন ধরে যায়। এরপর কয়েক ঘণ্টার জন্য বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এনডিটিভি আরো জানায়, গোয়া বিমানবন্দর থেকে একটি যুদ্ধবিমানের উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এর জ্বালানির ট্যাঙ্ক খুলে পড়ে যায়। সেখান থেকেই আগুন ধরে যায় বিমানবন্দর চত্বরে।
তারা জানায়, দুপুর ২টার দিকে তেলের ট্যাংক পড়ার ওই ঘটনায় বন্দরের মূল রানওয়ের একটি অংশে আগুন লেগে যায়।
ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা জানিয়েছেন, বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়ন করেছিল একটি ‘মিগ-২৯ কে’ যুদ্ধবিমান। আকাশে ওড়ার সময় বিমানটি থেকে জ্বালানি ট্যাঙ্ক হঠাৎ রানওয়েতে আছড়ে পড়ার পর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বিমানবন্দরের একাংশে।
নৌবাহিনীর দাবি, যুদ্ধবিমানটির কোনো ক্ষতি হয়নি। গোয়া বিমানবন্দরে শিগগিরই বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে তারা।
