প্রতিবাদী কিশোরের শিরশ্ছেদ করবে সৌদি

আপডেট : ০৯ জুন ২০১৯, ০২:২৭ এএম

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ১০ বছর বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় মুর্তাজা কুরেইরিস নামের এক কিশোরের শিরশ্ছেদের প্রস্তুতি নিচ্ছে দেশটির কর্র্তৃপক্ষ।

২০১১ সালে আরব বসন্তের সময় সৌদি রাজতন্ত্রের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে এবং গণতন্ত্রের দাবিতে সে সময় দেশজুড়ে গণবিক্ষোভের সূচনা হয়েছিল। ওই বিক্ষোভে মুর্তাজা কুরেইরিস ও তার বন্ধুরা সাইকেল রাইডে নেমেছিল বলে জানায় সিএনএন। অল্প বয়সী বালকদের জড়ো হওয়ার বিষয়টি তখন ‘পর্যবেক্ষণ’ করে সৌদি সরকার। ওই বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তিন বছর পর মুর্তাজাকে ১৩ বছর বয়সে গ্রেপ্তার করা হয়। পরিবারের সঙ্গে প্রতিবেশী দেশ বাহরাইনে চলে যাওয়ার সময় সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে           

মুর্তাজাকে নিয়ে যাওয়া হয় কারাগারে।

প্রায় চার বছর ‘বিচার-পূর্ব কারাভোগ’ করার পর এখন মুর্তাজাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে চায় সৌদি প্রশাসন। মুর্তাজাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। মুর্তাজার বিরুদ্ধে যে অভিযোগপত্র দায়ের করা হয়েছে, সেই অনুসারে ‘অপরাধ সংঘটিত করার সময়’ তার বয়স ছিল ১০ বছর।

অভিযোগপত্রে বলা হয়েছে, মুর্তাজার ভাই আলী কুরেইরিস মোটরসাইকেলযোগে পূর্বাঞ্চলীয় শহর আওয়ামিয়ায় গিয়ে থানায় পেট্রলবোমা নিক্ষেপ করেন, সে সময় তার সঙ্গে ছিল মুর্তাজাও। মুর্তাজার ভাইকে পরে হত্যা করে সৌদি নিরাপত্তা বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত