মেহেরপুরে বেগুনবোঝাই পিকআপভ্যানে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি টিম। শনিবার রাতে গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
এ সময় আটক করা হয় তিন মাদক ব্যবসায়ীকে। আটকরা হলেন- পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভাকজোত গ্রামের রজব আলীর ছেলে রবিউল ইসলাম (৩০), একই উপজেলার মহিষাকুন্ডি গ্রামের মাঠপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে বাদশা মিয়া (২২) ও পশ্চিম বাহিরচর বারমাইল গ্রামের মৃত আবুল কাশেম মালিথার ছেলে বিজলু মালিথা (২৫)।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ওবাইদুর রহমান জানান, মাদক ব্যবসায়ীরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত থেকে বেগুনবোঝাই একটি পিকআপভ্যানে গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বামন্দী বটতলা এলাকায় ডিবি পুলিশের দলটি অবস্থান নেয়। কিছুক্ষণ পর পিকআপভ্যানটি ওই এলাকায় আসার সঙ্গে সঙ্গে আটক করে তাতে তল্লাশি চালানো হয়। পরে বস্তা ভর্তি অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের মেহেরপুর ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি (ডিবি) ওবাইদুর রহমান।
