'ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আমাদের প্রধানমন্ত্রী বেশি সমাদৃত'

আপডেট : ০৯ জুন ২০১৯, ০৫:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে বেশি সম্মানিত ও সমাদৃত হয়েছেন। এমন মন্তব্য করেছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জেষ্ঠ্য প্রতিবেদক নীলাদ্রি শেখর। 

রোববার বিকেল ৫টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ওই সাংবাদিক এমন মন্তব্য করেন। 

নীলাদ্রি শেখর প্রধানমন্ত্রীর জাপান সফর কাভার করেছেন বলে জানান। 

তিনি বলেন, জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন বিশ্বনেতার মর্যাদায় বরণ করে নেয়া হয়। ঠিক তার আগে জাপান সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এত সমাদর করা হয়নি। 

তবে এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং আমার সফর দুটো আলাদা। এখানে তুলনা করা ঠিক না। আরেকটা দেশ সম্পর্কে আমি তুলনায় যাব না। অন্য দেশ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। কারণ আমাদের নীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। 

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমি সবসময় সব ফোরামে একটা কথা বলার চেষ্টা করি, আমাদের সবার একটা কমন এনিমি (অভিন্ন শত্রু) আছে। সেটা হলো দারিদ্র্য। তাই সবার প্রতি আহ্বান জানাই, আসুন, আমরা সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন করি। সাধারণ মানুষকে একটা সুন্দর জীবন দিই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত