বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যকে প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের
পর বিএনপি মহাসচিব গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং তার এই মন্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে। এটা সুস্থ রাজনীতির জন্য কখনই কাম্য নয়। আমি এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের মন্তব্য থেকে তার (প্রধানমন্ত্রী) বিরত থাকা উচিত।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে করা সম্মেলনে তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনা বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘এই নাম নিতেও ঘৃণা লাগে। আমাদের অনেকেরই দরদ উথলে ওঠে। কিন্তু আপনারা ভুলে যান কীভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা? আমি বেঁচে গেছি, আইভী রহমানসহ অনেকে মারা গেছেন। কীভাবে তারা ক্ষমতায় থাকতে এতগুলো মানুষের জীবন নিল!’
তারেককে ফিরিয়ে আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা সেখানে এত বেশি টাকাপয়সা বানিয়ে ফেলেছে যে, সেখানে বিলাসবহুল জীবনযাপন করছে। আর সেখানে গেলেই তো একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে।’
তিনি বলেন, আজ হোক কাল হোক একদিন না একদিন তার (তারেক রহমান) শাস্তি কার্যকর হবে।
