‘টার্মিনেটর’-খ্যাত হলিউডের কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদ আর্নল্ড শোয়ার্জনেগারের মেয়ে ক্যাথরিন শোয়ার্জনেগারকে বিয়ে করলেন হালের আলোচিত তারকা ক্রিস প্র্যাট।
শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
৩৯ বছরের ক্রিস ও ২৯ বছরের ক্যাথরিন সাদামাটাভাবে বিয়ে করতে চেয়েছিলেন। বিশেষ এ দিনে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষেরা উপস্থিত ছিলেন।
এটি ক্রিস প্র্যাটের দ্বিতীয় ও ক্যাথরিনের প্রথম বিয়ে। এর আগে জুরাসিক ওয়ার্ল্ড ও অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-খ্যাত তারকা বিয়ে করেন অভিনেত্রী আনা ফারিসকে। আট বছর সংসার করার পর ২০১৭ সালের আগস্টে তাদের ছাড়াছাড়ি হয়।
আগের সংসারে জ্যাক নামে ৬ বছরের একটি ছেলে আছে ক্রিসের।
পেশায় লেখিকা ক্যাথরিন শোয়ার্জনেগার আর্নল্ড শোয়ার্জনেগারের বড় সন্তান।
বছর খানেক ধরে ক্যাথরিন ও ক্রিসের মাঝে প্রেম চলছে। এ নিয়ে তারা কোনো লুকোচুরি করেননি। ক্যাথরিনের সঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে ক্রিসের ছেলে জ্যাককে। তখনই বোঝা যায়, বাবার হবু স্ত্রীর সঙ্গে জ্যাকের বনিবনা ভালো।
জানুয়ারিতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্রিস প্র্যাট জানান, ক্যাথরিন তাকে বিয়ে করতে রাজি হয়েছেন। এর পাঁচ মাস পর এলো শুভ পরিণয়ের খবর।
