এবার পবিত্র ঈদুল ফিতর ঘিরে সড়কে দুর্ঘটনা গতবারের চেয়ে কম হলেও মৃত্যুর হার বেশি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি একাদশ সংসদকে অবৈধ বলে বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহানার করা মন্তব্যের সমালোচনা করেন। এ ছাড়া পরোয়ানা মাথায় নিয়ে লাপাত্তা ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন শিগগিরই ধরা পড়বেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ঈদে সড়কে মৃত্যু প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এবার মৃত্যু ৬০ থেকে ৬৬, গতবারের তুলনায় কম দুর্ঘটনার হার। যতটা দুর্ঘটনার হার সে তুলনায় মৃত্যুটা বেশি।’ তিনি আরও বলেন, ‘বেশির ভাগ দুর্ঘটনা লেগুনা-ইজিবাইক-জাতীয় গাড়ি থেকে হয়েছে। এসব যানে অ্যাকসিডেন্ট হওয়া মানে এই গাড়ির কেউ থাকে না। জীবিকার জন্য জীবনের কথা চিন্তা না করে মহাসড়কে নেমে ছোট ছোট গাড়ি চালায়, বড় গাড়ির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষ হলে বেশি মৃত্যু হয়। এ জন্য দুর্ঘটনার চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি।’
নসিমন-করিমন-ইজিবাইক বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, ‘যারা এই গাড়িগুলো ব্যবহার করে, বিকল্প না থাকায় ব্যবহার করে। যদিও আমরা ফিডার রোড ব্যবহার করতে বলি। হাইওয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি। বিকল্প চিন্তা করছি আমরা, কীভাবে গাড়িগুলো নিয়ন্ত্রণ করা যায়। সবকিছু বিচার-বিবেচনা করে চিন্তাভাবনা করব।’
এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক থাকলেও ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ ও চালকদের ড্রাইভিং লাইসেন্সের বাধ্যবাধকতা সন্তোষজনক পর্যায়ে যায়নি বলেও মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি জানান, এবার ঈদে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ৫ লাখ ২২৬ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রাইড শেয়ারিংয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘২০টির মতো রাইড শেয়ারিং আছে তা গণপরিবহনে সাহায্য করছে। সিএনজি ভাড়া নিয়ে যে অভিযোগ ছিল রাইড শেয়ারিং নিয়ে তেমন অভিযোগ আসেনি, তবে বিআরটিএকে এ বিষয়টি কঠোরভাবে দেখতে বলা হয়েছে।’
সংসদ অবৈধ হলে রুমিন কি বৈধ : রুমিন ফারহানার করা মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদ যদি অবৈধ হয়, তিনি অবৈধ সংসদের অবৈধ সাংসদ কি না?
শপথ নেওয়ার পর গত রবিবার বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রুমিন বলেন, ‘এ সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। খুব খুশি হব, আমার সাংসদ হওয়ার মেয়াদ এক দিনের বেশি না হলে। আমি চাই যেন অতিদ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়।’
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের আরও বলেন, ‘সংসদ নিয়ে বিএনপির স্ববিরোধিতা পরিষ্কার। পার্টির মহাসচিব নির্বাচিত হয়েও শপথ নিলেন না, তার জায়গায় আবার বিএনপির জেলা সভাপতি নির্বাচন করছেন। এই নীতি নিয়ে যারা চলেন, তারা আন্দোলনে অতীতেও ব্যর্থ হয়েছেন, আগামীতে ব্যর্থ হবেন।’
শিগগিরই হয়তো শুনবেন মোয়াজ্জেম ধরা পড়েছে : গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে লাপাত্তা সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাকে খুঁজে বের করতে চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না।
ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করতে না পারায় সরকারের ব্যর্থতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে খুবই সিরিয়াস। খুব শিগগির হয়তো শুনবেন সে ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুড়িয়ে হত্যার শিকার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তা তামিলে পুলিশের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গত রবিবার সাংবাদিকদের বলেন, ‘যদি কেউ পলাতক হয়, একটু সময় তো লাগবেই তাকে খুঁজতে।’
মোয়াজ্জেম গ্রেপ্তার না হওয়ার পেছনে রাজনৈতিক কোনো প্রভাব কাজ করেছে কি না, এ প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমার তা মনে হয় না। এ বিষয়টা নিয়ে সরকার কঠোর অবস্থানে এবং প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুব সিরিয়াস। সোনাগাজী আওয়ামী লীগের প্রেসিডেন্ট এ মামলায় কারাগারে আছে, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার গাফিলতি, কোনো প্রকার দুর্বলতা নেই।’
