পুঠিয়ায় শ্রমিক দল নেতার লাশ উদ্ধার মহাসড়ক অবরোধ

আপডেট : ১১ জুন ২০১৯, ১১:২১ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি ইটভাটা থেকে উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত নুরুল ইসলাম (৬৫) গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তার বাড়ি উপজেলার হলহলিয়া গ্রামে। নুরুল ইসলাম পুঠিয়া উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ছিলেন। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বা হত্যাকা-ের ধরন সম্পর্কে বলা যাবে। এদিকে শ্রমিক নেতা নিহতের ঘটনায় পুঠিয়ায় প্রায় এক ঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। 

পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহমেদ জানান, উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার একটি ইটভাটা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে তাদের সেখান থেকে সরিয়ে সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওসি জানান, মরদেহে আঘাতের চিহ্ন আছে, তবে এটি গুলির কি না তা এখনই নিশ্চিত করে বলা যাবে না। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত