১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ‘বায়ু’

আপডেট : ১২ জুন ২০১৯, ১১:৫৫ এএম

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বায়ু’ বৃহস্পতিবার নাগাদ ১২০ কিলোমিটার বেগে ভারতের গুজরাট উপকূলে আছড়ে পড়বে।

গুজরাটের পোরবন্দর ও মহউভার এলাকার মধ্যে এটি আছড়ে পড়তে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, কিছুদিন আগেই তাণ্ডব দেখিয়েছে ঘূর্ণিঝড় ‘ফণি’। ভারতের ওডিশা উপকূলে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়টি। এতে তছনছ হয়ে যায় ওডিশা উপকূল।

এদিকে ঘূর্ণিঝড় ‘বায়ু’র গতিবেগও একই হওয়ায় ফিরে এসেছে ‘ফণি আতঙ্ক’। শুধু গুজরাট উপকূলই নয়, লাক্ষাদ্বীপ ও আমিনদিভিতেও ‘বায়ু’র প্রভাব পড়বে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করবে। ১৩ ও ১৪ জুন সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় ১১০ কিলোমিটার বেগে ঝড় হবে। ভেরাভল ও দিউ এলাকাতেও ১১০-১২০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টির গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। তবে মহারাষ্ট্র উপকূলে ৭০ কিলোমিটারের বেশি বেগে বইবে না ঝোড়ো হাওয়া।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনা, নৌবাহিনী ও কোস্টগার্ডকে সতর্ক করা হয়েছে। হাই অ্যালার্ট জারি হয়েছে গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলোতে। একাধিক এলাকায় স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত