কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

আপডেট : ১২ জুন ২০১৯, ০৭:১৬ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি বুধবার সকালে মৃত্যুবরণ করেছেন। তার নাম মো. সাব্দুল (৫০)। তিনি শেরপুর সদর থানার ঘুঘরাকান্দি এলাকার মৃত সফর উদ্দিনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শেরপুর থানায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সাব্দুল ২০০২ সালের ২৩ জুন থেকে শেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। পরে ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর সাব্দুলকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ পাঠানো হয়। এরপর থেকে তিনি এখানে কারাবন্দি ছিলেন।

বুধবার সকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাব্দুল। তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত