মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন: নৌকা ও আনারস সংঘর্ষে আহত অর্ধশত

আপডেট : ১২ জুন ২০১৯, ০৮:১১ পিএম

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত।

বুধবার সকালে সদর উপজেলার পেয়ারপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। এলাকা ও হাসপাতালে ফের সংঘর্ষের আশঙ্কায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান।

এই সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরে পেয়ারপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এরই ধারবাহিকতায় বুধবার সকালে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত সমর্থক আহত হয়। তাদের মধ্যে ৩৫ জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল ও হাসপাতালে ফের সংঘর্ষের আশঙ্কায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

উল্লেখ্য, আগামী ১৮ জুন মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। অপরদিকে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র পদে নির্বাচন করছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ভাই ওবাইদুর রহমান কালু খান। নির্বাচন নিয়ে বিভিন্ন এলাকায় সংঘর্ষের পরিস্থিতি বিরাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত