বিশ্বকাপের ১৯তম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনের রোজ বোলে এই লড়াইয়ে টসে হেরে স্বাগতিকদের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নামছে ক্রিস গেইল ও জেসন হোল্ডাররা।
একই ভেন্যুতে নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ শুরুর পরও ফল পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি ভেসেছিলো বৃষ্টিতে। সাউদাম্পটনে সেদিন ছবি তুলেই বাকিটা সময় কাটাতে হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। চার দিন পরও সেই বৃষ্টি ভীতি ওয়েস্ট ইন্ডিজের পিছু ছাড়েনি। এই লড়াইয়েও বাগড়া দিতে পারে বৃষ্টি।
তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে এখন উইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে ২ পয়েন্ট পেলে সুযোগ সেরা চারে ওঠার। কিন্তু পয়েন্ট ভাগ হলে তা ভেস্তে যেতে পারে। একই দুশ্চিন্তা ইংল্যান্ডের। যাদের হাতছানি ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে নিজেদের অবস্থান আরও পোক্ত করার।
ফর্মের বিচারে এগিয়ে স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে দল হিসেবে টানা সাত ম্যাচে তিন শতাধিক রানের দলীয় সংগ্রহের রেকর্ড এখন ইংলিশদের দখলে। তবে দুশ্চিন্তা জশ বাটলারের ইনজুরি। যদিও এই ব্যাটসম্যানের জন্য শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবেন কোচ ট্রেভর বেলিস। সাথে একাদশে ফিরতে পারেন মঈন আলী।
এখন পর্যন্ত ৯৫ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও উইন্ডিজ। যেখানে ৪৪ হারের বিপরীতে ৫১ জয় ইংলিশদের। বিশ্বকাপে ব্যবধানটা আরো বড় ৬ ম্যাচে ইংল্যান্ডের ৫ জয়ের বিপরীতে ক্যরিবিয়দের জয় একটি। আর রোজ বোলে আগের দুই দেখায় শতভাগ আধিপত্য স্বাগতিকদের।
ম্যাচে ইংল্যান্ডের তুরুপের তাস হতে পারেন একজন জোফরা আর্চার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, বার্বাডোজে জন্ম নেয়া এই ইংলিশ বোলার ক্যারিবিয়ানদের বধে মুখ্য ভূমিকা রাখতে পারেন।
