তালতলীতে ‘বিদ্রোহী’ প্রার্থীসহ ৬ নেতা বহিষ্কার

আপডেট : ১৪ জুন ২০১৯, ১১:৩৩ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধাচরণ করায় স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মিন্টুসহ বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের ছয় নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

তালতলী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বহিষ্কৃত অন্যরা হলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুলতান ফরাজি, সদস্য দুলাল ফরাজি, আলমগীর মিয়া (আলম মুন্সী), নজির হোসেন কালু পাটোয়ারি ও ছোট বগি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম সিকদার।

দলীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ও সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকুসহ জেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে তালতলী উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিন্টুসহ ছয় নেতাকে বহিষ্কারের সুপারিশ করা হয়। পরে ১৩ জুন (গত বৃহস্পতিবার) রাতে বরগুনা জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় ওই ছয় নেতাকে দলীয় সব পদ-পদবি থেকে বহিষ্কার করে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়।

এ বিষয়ে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। স্থানীয় সরকার নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যে যেভাবেই নির্বাচন করুক না কেন, সবাই আওয়ামী লীগের।

বরগুনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, ছয় নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত সুপারিশ আকারে কেন্দ্রে পাঠানো হয়েছে।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মনিরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ এনে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলন করেছেন নৌকা প্রতীকের প্রার্থী রেজবি-উল-কবির জমাদ্দার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত