চারুকলায় স্মরণ অনুষ্ঠান

কয়েক প্রজন্মের মধ্যে আলো ছড়িয়ে গেছেন দ্বিজেন শর্মা

আপডেট : ১৫ জুন ২০১৯, ০২:৩৭ এএম

প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা কয়েক প্রজন্মের মধ্যে প্রকৃতি ও বিজ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। তার আদর্শে উজ্জীবিত তরুণরাই প্রকৃতি সংরক্ষণ আন্দোলনে আগামী দিনের নেতৃত্ব দেবেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

বক্তারা তাকে একই সঙ্গে কবি ও বিজ্ঞানী উল্লেখ করে বলেন, তার লেখায় আছে আলাদা কাব্যময়তা। তিনি সাহিত্য ও বিজ্ঞানের অনন্য সংশ্লেষ ঘটিয়েছেন। প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন তরুপল্লব এ অনুষ্ঠানের আয়োজন করে। দ্বিজেন শর্মা ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি।

দ্বিজেন শর্মার স্ত্রী ড. দেবী শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, কৃষিবিদ হামিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে দ্বিজেন শর্মা স্মরণে প্রবর্তিত ‘তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-২০১৯’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এবার এ পুরস্কার পাচ্ছেন। ১৫ সেপ্টেম্বর দ্বিজেন শর্মার প্রয়াণ দিবসে বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রকৃতিপ্রেমীদের মাধবীলতা, অ্যালডার ফ্লাওয়ার, মালবেরি, ট্রাম্পিটলতা, নীলমণিলতা, লিলি, বাসক ইত্যাদি গাছের চারা বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত