রাতে তল্লাশি করতে পারবেন না ভ্যাট কর্মকর্তারা

আপডেট : ১৫ জুন ২০১৯, ০৩:১৬ এএম

নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইনে কর্মকর্তাদের তল্লাশি চালানো ও ফাইলপত্র জব্দ করার ক্ষমতা খর্ব করার প্রস্তাব ছিল ব্যবসায়ীদের। আগামী অর্থবছরের অর্থ বিলে তা কমানো হয়নি। তবে কারও বাসাবাড়িতে বিনা নোটিসে তল্লাশি না চালানোর বিধান রাখা হয়েছে, রাতের অন্ধকারে কারও বাসায় তল্লাশি চালানোর পথ বন্ধ করার কথা বলা হয়েছে।

এজন্য নতুন ভ্যাট আইনের ৮৩ ধারায় সংশোধন আনার কথা বলা হয়েছে অর্থ বিলে। সংশোধিত ধারায় বলা হয়েছে, কমিশনার বা মহাপরিচালকের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার বা সহকারী পরিচালক পদমর্যাদার নিচে নয়, এমন যেকোনো কর কর্মকর্তা অর্থনৈতিক কার্যক্রমের স্থান, অঙ্গন, ঘরবাড়ি, যানবাহন ইত্যাদিতে প্রবেশ, তল্লাশিসহ ক্ষেত্রমতে জব্দকরণ ও আটক করতে পারবেন। অর্থনৈতিক কার্যক্রম পরিদর্শন এবং তার রেকর্ডপত্র, নথিপত্র, দলিলাদি ও হিসাব পরীক্ষাসহ জব্দ করতে পারবেন।

এতে আরও বলা হয়েছে, পরিদর্শনের স্থান কারও আবাসস্থল হলে ওই স্থানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারীকে নির্ধারিত পদ্ধতিতে নোটিস দিয়ে প্রবেশ করতে হবে। তবে সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত প্রবেশ করা যাবে না। কোনো ব্যক্তি এই আইন লঙ্ঘন করলে সহকারী পরিচালক বা তার বড় পদমর্যাদার ভ্যাট কর্মকর্তা ওই ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে সংশ্লিষ্ট ব্যাংক কর্র্তৃপক্ষকে নির্দেশ দিতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত