নিজেদের প্রথম ভাঁজ করা ফোন মেট এক্সের উদ্বোধন পিছিয়ে দিল হুয়াওয়ে। স্যামসাংয়ের ভাঁজ করা ফোনের সমস্যা দেখে এই সিদ্ধান্ত নিয়েছে চীনের ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ‘সিএনবিসি’কে জানিয়েছেন, মেট এক্স আরও কিছুদিন পরীক্ষা-নিরীক্ষা করে তারপর বাজারে ছাড়া হবে।
তিনি বলেন, ‘এই মুহূর্তে ফোন বাজারে এনে আমরা আমাদের সুনাম নষ্ট করতে চাই না। তাই আরও দেরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এপ্রিলের শুরুতে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ডের পরীক্ষায় স্ক্রিনে সমস্যা দেখা যায়। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মতো হুয়াওয়ে কোনো ভুল করতে চায় না।
হুয়াওয়ে জানিয়েছে, বাড়তি পরীক্ষার পর সামনের সেপ্টেম্বরে মেট এক্স বাজারে ছাড়া হবে।
স্যামসাংয়ের ফোনটিতে ফোরজি অথবা ফাইভজি ব্যবহার করা যাবে। সামনে-পেছনে রয়েছে ছয়টি ক্যামেরা। মেট এক্সে শুধু ফাইভজি সুবিধার সঙ্গে ক্যামেরা থাকছে চারটি। তাদের দাবি, ভাঁজ করা ফোনের ভেতর মেট এক্স সবচেয়ে দ্রুত কাজ করবে। এই দাবির সত্যতা পেতে অবশ্য দেরি করতে হবে। কেননা, ফাইভজি এখনো কোনো দেশে শক্তিশালী অবস্থায় যাত্রা শুরু করেনি।
গ্যালাক্সি ফোল্ডের বৃহত্তম স্ক্রিনটি রাখা হয়েছে ভেতরে। বাইরের কভার এটিকে আটকে রাখে। হুয়াওয়ের মেট এক্স এই দিক থেকে একটু আলাদা। ফ্রেমের সঙ্গে রাখা হয়েছে স্ক্রিন। এর সুবিধা হলো, এক স্ক্রিনকে তিনভাবে ব্যবহার করা যায়।
