নৌকার নির্বাচনী অফিসে গুলি, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ জুন ২০১৯, ০৭:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের নির্বাচণী অফিসে স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুরের (ঘোড়া) সমর্থকেরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এসময় এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। আহত যুবলীগ নেতা নুরধন ওই এলাকার নাজির উদ্দিন ভূইয়াঁর ছেলে। গত শুক্রবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার বিকেলে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়াঁ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় নাসিমা লুৎফুরের নির্বাচনী সমন্বয়কারী ও দেবর সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সহ ৩ জনকে আসামি করা হয়েছে।

বিজয়নগর থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর খেলার মাঠের দক্ষিণ পাশে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে নৌকার  মনোনীত প্রার্থী এড. তানভীর ভূইয়াঁর  সমর্থনে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়াঁ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী পরামর্শ সভা করছিলেন।

এসময় নাছিমা লুৎফুরের সমর্থক মনিরুল ইসলাম সহ সহযোগীরা মোটর সাইকেল যোগে  অফিসের সামনে নেমেই ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনের নাম ধরে অকথ্য ভাষায় গালাগাল করে  অফিসে ভাঙচুর চালায়  এবং  তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় ।

এতে জামাল উদ্দিনের অফিসের সামনে ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নুরধন ভূইয়াঁ (৪৩) পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে  নেতাকর্মীরা আহত নুরধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়াঁ অভিযোগ করে বলেন,  ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুর রহমান এর লোকজন আমাকে নৌকার প্রচারণা বন্ধ করতে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল এবং তার পক্ষে প্রচারণা চালাতে বলছিল কিন্তু আমি তাতে রাজি না হওয়ায় নৌকার ভোটারদের মাঝে ভীতির সৃষ্টি করতে এবং আমাকে মেরে ফেলতে তার আত্মীয় সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনির এর নেতৃত্বে আমার ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।

এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড. তানভীর ভূইয়াঁ বলেন, নৌকাকে পরাজিত করতে এবং ভোটারদের আতঙ্কিত করতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফর রহমানের লোক ইউপি চেয়ারম্যান মনির এ হামলা চালিয়েছে এবং ভোটের দিন প্রভাব বিস্তার করতে তারা বহিরাগতদের  নিয়ে প্রচারণা চালাচ্ছে।

এসব অভিযোগের প্রেক্ষিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসিমা লূৎফুর রহমান বলেন, আমার সমর্থকেরা সভ্য ও ভদ্র, তার (তানভীর) মতো অসভ্য না। তারা যে এমন কিছু করবে তা আগে থেকেই ধারণা করতে পেরেছি আমরা। সঠিক তদন্ত করলেই আসল রহস্য বের হয়ে আসবে।

সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে এলাকায় এমন সন্ত্রাস বা অপরাধের কোনোর অভিযোগও নেই। নাছিমা লুৎফুরের নির্বাচনী সমন্বয়ক হওয়ায় আমাকে ফাঁসাতে এই মিথ্যা অভিযোগ ও মামলা দেওয়া হয়েছে। এর আগেও মামলা দিয়েছে নৌকার সমর্থকেরা।

বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, নৌকার কার্যালয়ে গুলির ঘটনায় মামলা হয়েছে। তদন্ত ও অপরাধীদের শনাক্তকরণের কাজ চলছে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবীর জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে পিস্তলের গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। সেখানে কাচ ভাঙা দেখা গেছে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত