পথচারীকে মারধরের পর মানিব্যাগও ছিনিয়ে নিল পুলিশ!

আপডেট : ১৫ জুন ২০১৯, ০৮:৫৭ পিএম

সিলেটে পুলিশের এক এটিএসআইয়ের (অ্যাসিস্ট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর)-এর বিরুদ্ধে পথচারীকে মারধরের পর মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে নগরীর জিন্দাবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভের মুখে অভিযুক্ত এটিএসআই মাসুমকে প্রত্যাহার করা হয়েছে। তিনি নগরীর কোতয়ালী থানায় কর্মরত ছিলেন।

ভুক্তভোগী ইমনের অভিযোগ, বিকেলে তিনি দাঁড়িয়াপাড়া থেকে অটোরিকশা করে জিন্দাবাজার পয়েন্টে নামলে ওই পুলিশ সদস্য তাকে এবং রিক্সাচালককে বিনা কারণে গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে তাকে টেনে-হিঁচড়ে পার্শ্ববর্তী জগন্নাথ জিউর আখড়ার গেটের ভেতরে নিয়ে মারধর করেন এবং পকেট থেকে মানিব্যাগ ছিনিয়ে নেন।

ইমন নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

এদিকে, এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জিন্দাবাজার পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। খবর পেয়ে কোতয়ালী থানার সহকারী কমিশনার মো. ইসমাইলের নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, লাঞ্ছিত হওয়া যুবকের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত