বর্ষা মৌসুমে দুর্যোগ শুরু হওয়ার আগেই তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
মন্ত্রী শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বন্যা হবে, নদী ভাঙন হবে, তার পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, তা শেখ হাসিনার সরকারের কাজ নয়। এ বছর সারা দেশে নদী ভাঙন ও জলাবদ্ধতা রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বর্ষা ও বন্যাকে সামনে রেখে সারাদেশে ৬৫টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ২২টি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। যেসব এলাকা নদীভাঙন প্রবণ সেসব এলাকায় কর্মকর্তার সংখ্যাও বাড়ানো হয়েছে।
দেশের বিভিন্ন নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের ব্যাপারে তিনি বলেন, সারা দেশে জেলা প্রশাসকদের প্রধান করে কমিটি করা আছে। যারা নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণে পানি সম্পদ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নির্দেশ দেওয়া আছে। নদীতে বালি উত্তোলনকারী অবৈধ ড্রেজারগুলোও বন্ধ করা হয়েছে। শেখ হাসিনার সরকার কোন অবৈধকেই আশ্রয় প্রশ্রয় দেয় না।
বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। কার নিয়ন্ত্রাধীন বা কার দখলে রয়েছে সেগুলো দেখা হচ্ছে না। নিরপেক্ষ ভাবেই সেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সারা দেশেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। একই সাথে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি মতলব উত্তরের ধনাগোদা সেচপ্রকল্প, নদী ও খাল ড্রেজিংসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং এখলাসপুর, আমিরাবাদ, কালিপুর বাজারে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন।
এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুসসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
