বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগে (সিপিডি) আদৌ কোনো গবেষণা হয় কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও শহর ইউনিটের সহযোগিতায় ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সিপিডি ও বিএনপির প্রতি প্রশ্ন করেন, ‘গত ১০ বছরে দেশ কীভাবে এগিয়ে গেল? আর এই প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনারা যে সমালোচনা করেন, তা পরিহার করবেন। অবশ্যই আপনারা ভুলত্রুটি তুলে ধরবেন। তবে ১০ বছর ধরে বাজেট ঘোষণার পর একই ধরনের গৎবাঁধা সমালোচনা নয়।’
সিপিডিতে গবেষণা হয় কি না প্রশ্ন করে মন্ত্রী বলেন, ‘প্রতি বাজেটের পর তারা সংবাদ সম্মেলন করে বিশেষজ্ঞের মতামত দেয় এবং তাদের পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করে।’ তিনি বলেন, ১০ বছরে প্রতি বাজেটের পর পত্রিকা উল্টালে দেখা যায়, বিএনপি একই ধরনের সমালোচনা ও বক্তব্য দেয়। সিপিডির বক্তব্য যা বিএনপির বক্তব্যও তা।
