জেলার ঘিওর উপজেলায় চলন্ত বাসে জর্ডান প্রবাসী নারীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি চালক ও হেলপারের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৮-এর ঘিওর আদালতের বিচারক রওশন আরা বেগম তাদের এ রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিরা হলো- স্বপ্ন পরিবহনের চালক নায়েব আলী (৪০) ও হেলপার সোহাগ (২০)। চালকের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এবং হেলপারের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। শনিবার তাদের সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, জর্ডান ফেরত ওই নারী শুক্রবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছেন। এরপর তার গ্রামের বাড়ি ঘিওরের উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে স্বপ্ন পরিবহনের একটি বাসে ওঠেন। কয়েক কিলোমিটার যাওয়ার পর সব যাত্রী নেমে গেলে বাসের লাইট বন্ধ করে দিয়ে চালক নায়েব আলী ও হেলপার সোহাগ ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে।
পরে ওই নারী চিৎকার শুরু করলে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় চালক ও হেলপার। বাসটি দ্রুত দৌলতপুরের দিকে চলে যায়। নারী স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেন এবং গাড়ির পেছনে ধাওয়া করেন। পরে দৌলতপুর থানা পুলিশ শুক্রবার রাতেই চালক ও হেলপারকে গ্রেপ্তার করে। ওই নারী বাদী হয়ে রাতেই ঘিওর থানায় মামলা করেন।
মামলায় চালক ও হেলপারকে গ্রেপ্তার দেখিয়ে সাতদিন করে রিমান্ড চেয়ে শনিবার আদালতে পাঠায়। আদালত রবিবার দুপুরে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
