বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম এখন ‘একদলীয় ভূত’ নিয়ন্ত্রণ করছে।
রোববার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষ্যে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
খসরু বলেন, সেদিন (১৯৭৫ সাল) তারা (আওয়ামী লীগ) গণমাধ্যমের কন্ঠ রোধ করে একদলীয় শাসন প্রবর্তন করেছিলো। আজকে ১৬ জুন, প্রায় ৪৫ বছর পরে গণমাধ্যমের ওপর আবার সেই ভূত চেপে বসেছে। সেই ভূতটা হচ্ছে, গণমাধ্যমের কন্ঠ রোধ করতে না পারলে একদলীয় শাসন চালানো সম্ভব না।
তিনি বলেন, সেদিন আওয়ামী লীগ গণমাধ্যমের কন্ঠরোধ করেছিলো সরকারি একটা আইনের মাধ্যমে। আজকে কন্ঠরোধ করছে তাদের পৃষ্ঠপোষকতায় কিছু গণমাধ্যম সৃষ্টি করা হয়েছে। আর যারা নিরপেক্ষ স্বাধীন তাদের কন্ঠরোধ করা হচ্ছে রাষ্ট্রীয় কিছু সংস্থাকে ব্যবহার করে। ওই লাইন একটা দেয়া আছে, ওই লাইন অতিক্রম করলেই গণমাধ্যমের ওপর বাঁধা চলে আসে, তারা বাঁধাগ্রস্থ হয়ে পড়ে। আজকে ক্ষমতা ধরে রাখতে গণমাধ্যম ব্যবহার করা হচ্ছে- সেটা অত্যন্ত দূঃখজনক।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, এনডিপির চেয়ারম্যান আবু তাহের, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, কেন্দ্রীয় নেতা এসএম ইউসুফ আলী প্রমূখ।
