ছাত্রদলের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়ার যে দাবি বিক্ষুব্ধ নেতারা করেছেন তা মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পুরান-নতুনের সমন্বয়ে স্বল্পমেয়াদি কমিটি গঠনের দাবিতে গতকাল রবিবার ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির পর দুপুরে কাছেই নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।
গয়েশ্বর বলেন, যারা আজকে কর্মসূচিতে অবস্থান নিয়েছে তাদের যদি এই পণ থাকে যে, আমরা ছাত্রদলই করব সেই ক্ষেত্রে এই দাবি মানাটা দলের পক্ষে কষ্টকর। অন্যায় দাবি তো মানা সম্ভব না কারও পক্ষে। যেমন অতীতে এটা হয়েছে তাই হতে হবে। এটা থেকে আমরা পরিবর্তিত হব না এমন অঙ্গীকার থাকা তো ভালো না।
ছাত্রদলের চলমান সংকট উত্তরণের বিষয়ে জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্রদলের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা জ্যেষ্ঠ নেতারা নেননি। গত ৪০ বছর ধরে যারা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন তারাই সিদ্ধান্ত নিয়েছেন। তারাই ভালো বোঝেন ছাত্রদের জন্য কী করা দরকার।
