ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিএনপির সংসদ সদস্যদের সমালোচনা করে বলেছেন, সংসদে বসে বলবেন সংসদ অবৈধ। আবার সেই সংসদের সদস্য হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা নেবেন। অবৈধ হলে কেন এসেছেন এই সংসদে? গতকাল রবিবার জাতীয় সংসদের ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী এ প্রশ্ন তোলেন। সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান বিএনপির সাংসদদের উদ্দেশে বলেন, ওনারা ভোট করে নির্বাচিত হয়ে সংসদে এলেন। এখন বলছেন সংসদ অবৈধ। তাহলে আপনারা সংসদে এলেন কীভাবে?
মতিয়া চৌধুরী আরও বলেন, আজ কেউ কেউ উন্নয়ন দেখে না। ওনারা চোখ থাকতে অন্ধ। ওনারা পদ্মা সেতু দেখেন না, জীবনযাত্রার মান উন্নয়ন, গড় আয়ু বৃদ্ধি, মাথাপিছু আয়, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন, কর্মসংস্থান বৃদ্ধিÑ তারা এসব কিছুই দেখেন না। তারা এসব কিছু না দেখলেও দেশের জনগণের কিছু আসে যায় না। দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। তিনি বলেন, বিরোধী দলও সংসদে এসেছে। যদিও কেউ কেউ বলছেন সংসদ অবৈধ। অবৈধই যদি হয়, তাহলে এসেছেন কেন। কেউ তো চরণ ধরে সংসদে আনেনি। জলে নামব, জল ছিঁটাব, গা ভেজাব না, এটা হয় না। সংসদে গণতন্ত্রের চর্চাই ভালো।
পীর ফজলুর রহমান বলেন, আইন অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত হয়। তো বিএনপির সংসদ সদস্যরা কীভাবে অবৈধ সংসদের সদস্য হয়ে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত করলেন। বিএনপির পুরুষ সদস্যরা যদি ওই নারী সদস্যকে বৈধতা দেন তাহলে উনি বৈধ, আর যদি বৈধতা না দেন তাহলে উনি অবৈধ। তিনি বলেন, বিএনপির সংরক্ষিত আসনের সদস্যকে সংসদে আনার ক্ষেত্রে যদি কোনো ব্যতিক্রম ঘটে থাকে তাহলে তার দলীয় সদস্যরা করেছেন। এজন্য তো সংসদ অবৈধ হতে পারে না। ওই নারী সদস্য ওনার বৈধতা, অবৈধতা বিএনপির সংসদ সদস্যদের কাছে খুঁজবেন। সংসদের কাছে কেন খোঁজেন? সংসদ বৈধ বলেই পুরুষ সদস্যরা নির্বাচিত হয়ে নারী সদস্যকে নিয়ে এসেছেন। পীর ফজলুর রহমান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কারা সংসদে ইনডেমনিটি পাস করেছিল, কারা বাতিল করেছে তা সংসদেই আছে। এটা নিয়ে মিথ্যাচার করার কিছু নেই। বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপিই বেনিফিশিয়ারি হয়েছে। তিনি বলেন, আপনারা তো অনেক ভালো আছেন। বিএসএমএমইউতে আসেন, চিকিৎসা নেন। কারাগারে সঙ্গে একজন কাজের মানুষ রাখার সুযোগ পেয়েছেন, এটা দেশের ইতিহাসে নজির সৃষ্টি করেছে, আর কী চান?
