২০১৭ সালে নিরব ও সোহানা সাবাকে নিয়ে ‘আব্বাস’ ছবির কাজ শুরু করেন পরিচালক সাইফ চন্দন। শুটিং চলে গত রমজান মাস পর্যন্ত। সব কাজ শেষ করে সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ে।
এদিকে ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে দেশ রূপান্তরকে জানালেন ছবির নায়ক নিরব হোসেন। দেশ রূপান্তরকে নিরব বলেন, ‘ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে এটা আমাদের জন্য খুশির সংবাদ।’
সেন্সরবোর্ড সূত্রে জানা যায়, ছবিটি দেখে সেন্সর সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন। স্বীকার করলেন নিরবও। তিনি বলেন, ‘বেশ কয়েকজন সেন্সর সদস্য ছবিটি দেখে আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। তারা ছবিটির প্রশংসা করেছেন।’
পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ চলচ্চিত্রটির কাহিনী। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব। আর সোহানা সাবাকে দেখা যাবে ‘চুটকি’ চরিত্রে। এ ছাড়াও ছবিতে ডালিয়া চরিত্রে দেখা যাবে সূচনা আজাদকে।
নিজের চরিত্র নিয়ে নিরব বলেন, ‘ছবিতে আমাকে একজন ক্যাডারের ভূমিকায় দেখা যাবে। আমার জন্য এই চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। সেন্সরবোর্ড সদস্যদের প্রশংসা পাওয়ার পর মনে হচ্ছে আমি উৎরে গেছি। এর জন্য পরিচালক সাইফ চন্দনকে ধন্যবাদ জানাব। কারণ সব অবদান তারই।’
লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিতব্য এ ছবিটির চিত্রনাট্য লিখেছেন জসিম উদ্দিন। ছবিতে আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ, সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।
