বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, দুই প্রধানমন্ত্রীর সৌহার্দ্যরে ভিত্তিতে ভারত ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে সোনালি অধ্যায় অতিবাহিত করছে। গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘পারস্পরিক সম্পর্ক এবং উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে। হিরো ও টাটাসহ ভারতের অনেক বিখ্যাত কোম্পানি এখানে ৫৭০ মিলিয়ন ডলার সরাসরি বিনিয়োগ করেছে। ২০১৮-১৯ সালে প্রায় ১০ বিলিয়ন ডলার দ্বিপক্ষীয় বাণিজ্যের মধ্যে বাংলাদেশের রপ্তানি ১.০৪ বিলিয়ন ছাড়িয়ে গেছে। এ ক্ষেত্রে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে।’
