রংপুরের গঙ্গাচড়ায় নলীন চন্দ্র নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নলীন চন্দ্র পলাতক।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশা তান্নির বাজার সংলগ্ন গ্রামের নলীন চন্দ্র গত সোমবার দুপুরে তার বাড়ির পার্শ্ববর্তী এক দিনমজুরের ৪ বছরের শিশুকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় অন্য ঘরে শুয়ে থাকা শিশুটির অসুস্থ ভাই তার ঘর থেকে বের হয়ে ঘটনাটি দেখতে পেলে নলীন চন্দ্র পালিয়ে যায়। তখন থেকে তিনি পলাতক রয়েছে। পরে শিশুটির পরিবার তার এলাকার ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করলে তারা সমাধানের আশ্বাস দেন।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা ধর্ষণ চেষ্টাকারী নলীন চন্দ্র রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা আরও বলেন স্থানীয় জনপ্রতিনিধিরা এ অনৈতিক কাজের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এ ব্যাপারে কোলকোন্দ ইউপি সদস্য চাঁন কিশোর রায় বলেন, শিশুটির পরিবার আমাকে মৌখিক অভিযোগ দিয়েছে। অভিযুক্ত নলীন চন্দ্র বর্তমানে পলাতক রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, “শিশু ধর্ষণচেষ্টার কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
