দেয়াল লিখন ও গাছে বিজ্ঞাপন লাগালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ ইনস্টিটিউশন অব প্লানার্স এবং সিঅ্যান্ডএ ফাউন্ডেশন ‘শিশুদের স্বপ্নের শহর’ শীর্ষক এই সম্মেলনটির আয়োজন করে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পরিচ্ছন্ন নগরী গড়তে দেয়ালে কেউ কিছু লিখলে বা গাছে পেরেক মেরে বিজ্ঞাপন লাগালে, ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে’।
ইতিমধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মেয়র।
তিনি আরও বলেন, ‘শিশুবান্ধব নগরী গড়তে নগর অ্যাপের ফলো মি অপশনের মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি আগারগাঁওয়ে পৃথক সাইকেল লেনসহ সড়ক করা হবে।’
