খুলনার ডুমুরিয়ায় উপজেলা নির্বাচনের দায়িত্ব পালনকালে সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. নাজমুল হকের কাছ থেকে একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলি খোয়া গেছে।
মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী হাইস্কুল থেকে এই পিস্তল ও গুলি খোয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে ডুমুরিয়া থানা-পুলিশ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এএসআই মো. নাজমুল হক (৫৫) ডুমুরিয়া উপজেলা নির্বাচনে স্ট্রাইকিং ফোর্সের সদস্য হিসাবে দায়িত্ব পালন করার জন্য দিঘলিয়া থানা থেকে ডুমুরিয়ার বানিয়াখালী এসেছিলেন। তিনি সোমবার রাতে উপজেলার বানিয়াখালী হাইস্কুলে রাত যাপন করছিলেন। ওই সময় এসআই নাজমুল হকের কাছে থাকা একটি ব্যাগে তার পিস্তল ও ১২ রাউন্ড গুলি রাখা ছিল।
ওসি জানান, মঙ্গলবার দুপুর ২ টার দিকে এএসআই মো. নাজমুল হক ওই ব্যাগটি বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রেখে বাইরে যান। কিছু সময় পর ফিরে তিনি অস্ত্র ও গুলি পাননি।
খবর পেয়ে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ডুমুরিয়া ওসি ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্কুলের দপ্তরিসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এএসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করে ডুমুরিয়া থানায় নজরবন্দী রাখা হয়েছে।
খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, এসআই মো.নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কখন কীভাবে পিস্তল ও গুলি খোয়া গেল। পাশাপাশি উক্ত পিস্তল ও গুলি উদ্ধারে অভিযান চলছে।
