সংগীতে উজ্জ্বল নক্ষত্র শাকিলা। সংগীতের সব মাধ্যমেই এ শিল্পী দারুণ সাবলীল। দীর্ঘদিন ধরে শাকিলা দিল্লিতে বসবাস করছেন। এখন তিনি ঢাকায়। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
দিল্লিতে বসবাস...
গত কয়েক বছর ধরে স্বামী রবি শর্মার সঙ্গে ভারতের দিল্লিতে বসবাস করছি। তবে নাড়ির টানে এক মাস পর পর দেশে আসি। অনেকটা নিভৃতে নিকটজনদের সঙ্গে সময় কাটিয়ে চলে যাই। এ সময় যেসব গান বা অনুষ্ঠানের অফার আসে সেগুলো ব্যাটে-বলে মেলে না বলে করা হয় না।
অভিমান থেকে বিরতি...
আপাতত সংগীত পরিবেশনা থেকে সাময়িক বিরতি নিয়েছি। বলতে পারেন কিছুটা অভিমানও রয়েছে। এ দেশে ক’জন প্রকৃত শিল্পীর মূল্যায়ন হয়েছে। শুধু যে বাংলাদেশেই সংগীতের ধস নেমেছে তা নয়, সারা বিশ্বে এর অবক্ষয় চলছে। আর আমার সংগীত ক্যারিয়ার নিয়ে একটা দুঃখবোধ যে, বাংলাদেশের বিখ্যাত অনেক সুরকার-গীতিকারই অডিও বলেন, প্লেব্যাক বলেন কোনো মাধ্যমেই ঠিকভাবে আমাকে সুযোগ করে দেননি। বঞ্চিত করা হয়েছে ভালো গান থেকে।
তরুণ প্রজন্ম নিয়ে হতাশা...
আজকাল বিভিন্ন টিভি চ্যানেলে গানের প্রোগ্রাম দেখলে মনে হয় দেশে কি সংগীতশিল্পীর আকাল চলছে! অবশ্য সব শিল্পীর ব্যাপারে এ কথা প্রযোজ্য নয়। তথাকথিত শিল্পীদের কারণে সত্যিকারের শিল্পীরা এখন অবহেলিত, যা দেশের সংগীতাঙ্গনের জন্য দারুণ হতাশার। কিছু অসাধু মানুষের জন্য দেশের সংগীত জগতে অশ্লীলতা ঢুকে পড়েছে। আর আজকাল অনেক শিল্পীই গানের চেয়ে তাদের হেয়ারস্টাইল, ড্রেস, মেকআপের প্রতি যতœশীল।
