ষোলো বছর কথা বন্ধ ছিল শাহরুখ-সানির

আপডেট : ১৯ জুন ২০১৯, ০৪:৪৬ পিএম

জুহি চাওলার প্রেমে দিওয়ানা শাহরুখ খান, কিন্তু নায়িকার মনের মানুষ সানি দেওল। এই নিয়ে রক্তারক্তি কাণ্ড। এমন কাহিনিতে ১৯৯৩ সালে মুক্তি পায় হিন্দি ছবি ‘ডর’। পরিচালক ছিলেন যশ চোপড়া।

বক্স অফিসে সাইকোলজিকাল থ্রিলারটি সুপারহিট হয়, সমালোচকের প্রশংসাও পায়। ‘ডর’ সফল হলেও দুই নায়কের মধ্যে বিরোধ তৈরি হয়। যার সূত্রপাত ওই ছবির শুটিং ফ্লোরেই।

এই নিয়ে প্রায় ষোলো বছর শাহরুখের সঙ্গে কথা বলেননি সানি। সম্প্রতি এই বিষয়ে টিভিতে মুখ খুলেছেন তিনি।

সাক্ষাৎকারে ‘ডর’-এর শুটিংয়ের পুরো ঘটনাটিই খুলে বলেন। ঘটনাটি ঘটেছিল ক্লাইম্যাক্স দৃশ্য নিয়ে। যেখানে সানি দেওলকে ছুরি দিয়ে আঘাত করার কথা শাহরুখের। যশ চোপড়ার সঙ্গে ওই দৃশ্যের যৌক্তিকতা নিয়ে তুমুল তর্ক হয় সানির।

ধর্মেন্দ্রের ছেলের বক্তব্য ছিল- যেহেতু তার অভিনীত চরিত্রটি একজন কমান্ডোর এবং সে পুরোপুরি শারীরিক ভাবে সক্ষম, তাই কোনো সাধারণ মানুষের পক্ষেই তাকে আঘাত করা সম্ভব নয় সামনে থেকে। পেছন থেকে আঘাত এলে অসুবিধা নেই কিন্তু যখন চরিত্রটি দেখতে পাচ্ছে প্রতিপক্ষ তাকে সামনে থেকে আক্রমণ করছে, সে ক্ষেত্রে সেই আঘাত প্রতিহত করাটাই চরিত্র অনুযায়ী যুক্তিযুক্ত।

কিন্তু পরিচালক সানির এই যুক্তি মানতে রাজি ছিলেন না। সেখান থেকেই যশ চোপড়া ও শাহরুখের সঙ্গে সানির মনোমালিন্য হয়।

সানি অবশ্য আরেক সাক্ষাৎকারে বলেন, “শেষ পর্যন্ত কিন্তু দর্শক ওই ছবিতে আমাকে পছন্দ করেছেন। শাহরুখকেও পছন্দ করেছেন। আমার একটাই বক্তব্য যে আমি জানতাম না ওই ছবিতে খলনায়ককেই বড় করে দেখানো হবে। আমি সব সময় খোলা মনে বিশ্বাস করে ছবি করতে আসি। বিশ্বাসের ওপর ভর করেই কাজ করি। দুর্ভাগ্যবশত কিছু অভিনেতা বা তারকারা এইভাবে কাজ করেন না। হয়তো ওই জন্যই তারা তারকা।”

বোঝায় যাচ্ছে, ‘ডর’ নিয়ে ক্ষোভ এখনো তীব্র। সানি বর্তমানে ছেলে করণ দেওলের অভিষেক ছবি ‘পল পল দিল কে পাস’ নিয়ে ব্যস্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত