বাংলাদেশ ব্যাংকের বইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ নিয়ে রিটকারী ড. কাজী এরতেজা হাসানকে তলব করেছে হাইকোর্ট।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বুধবার রিটকারীকে তলব করে এ আদেশ দেয়।
ওই গ্রন্থে ত্রুটি ধরা পড়ার পর তা সংশোধনে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়েছিল সেই তথ্য রিট আবেদনে উল্লেখ না থাকায় হাইকোর্ট তাকে তলব করেছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
আগামী ৩০ জুলাই এরতেজা হাসানকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আল আমিন সরকার বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থ প্রকাশের পর এতে বেশকিছু ত্রুটি ধরা পড়ায় গ্রন্থটি বন্ধের নির্দেশের পাশাপাশি এটি রিভিউয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। এছাড়া সংশোধন করে পুনঃপ্রকাশের উদ্যোগ নেয়া হয়। তবে, রিটকারী বাংলাদেশ ব্যাংকের নেয়া ওই পদক্ষেপের বিষয়টি তার আবেদনে উল্লেখ করেননি। আজ বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আদালতের কাছে বিষয়টি তুলে ধরলে হাইকোর্ট এ বিষয়ে রিটকারীকে ৩০ জুলাই এসে ব্যাখ্যা দেওয়ার জন্য ডেকেছেন।’
‘বাংলাদেশ ব্যাংকের বইতে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার না করা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ এনে এক রিট আবেদনের প্রেক্ষিতে গত বছরের ২ অক্টোবর বিচারপতি আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি বিষয়টি তদন্ত করতে অর্থ সচিবকে একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। গত ১৮ ফেব্রুয়ারি এই বইয়ের ওপর তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
