আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মা শামসুন নাহার ও ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির।
বৃহস্পতিবার দুপুরে তারা তুরিনের বিরুদ্ধে নিজ বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ আনেন। একই ঘটনায় ১৪ জুন উত্তরা পশ্চিম থানায় জিডি করেছিলেন শিশির।
ওই সময় অভিযোগ করেন, কানাডা থেকে দেশে আসার পর তারা উত্তরার বাসায় যান। কিন্তু তুরিনের নির্দেশে দারোয়ান ও আনসাররা প্রবেশ করতে দেয়নি।
উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা তখন বলেছিলেন, “কানাডা প্রবাসী শাহনেওয়াজ বাসায় ঢুকতে চাইলে বোন তুরিন আফরোজ ঢুকতে দেয়নি বলে জিডিতে তিনি উল্লেখ করেছেন। এর আগেও, ২০১৭ সালের ১৯ নভেম্বর থানায় তুরিন আফরোজের বিরুদ্ধে জিডি (জিডি নম্বর- ১১৮৮) করছিলেন তিনি।”
এ ছাড়া ১ জানুয়ারি ঢাকার প্রথম যুগ্ম জজ আদালতে বাড়ি দখলের অভিযোগে তুরিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন শিশির।
মামলায় উল্লেখ করেন, ২০১৭ সালের ২ মার্চ পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মা শামসুন নাহার এবং অন্য ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেন তুরিন আফরোজ। নিজেকে বাড়ির মালিক দাবি করে তুরিন বাড়ি ও জমির দলিলপত্রও দখলে নিয়ে নেন।
