নিজে ফর্মে ছিলেন। ছন্দে রয়েছে দলও। এই অবস্থায় চোটের কারণে বাধ্য হয়ে দল ছাড়তে হচ্ছে শিখর ধাওয়ানকে। বিষয়টাকে অবশ্য খেলোয়াড়সুলভাবেই নিচ্ছেন টিম ইন্ডিয়ার এই ওপেনিং ব্যাটসম্যান। অফিসিয়ালি স্কোয়াড ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন ধাওয়ান।
নিজের টুইটার পেজে ধাওয়ান একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ভক্ত অনুরাগীদের উদ্দেশে তিনি বলেছেন, “আপনাদের সবার সমর্থন ও প্রার্থনায় আপ্লুত হয়েই এই ভিডিওটি পোস্ট করছি। দুর্ভাগ্যজনক বিষয় যে, আমার বুড়ো আঙুলের চোট যথা সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়। আমি ভীষণভাবে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম। এখন আমাকে ফিরে যেতে হবে এবং সুস্থ হয়ে পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত হতে হবে। ছেলেরা বিশ্বকাপে দারুণ খেলছে। আমি নিশ্চিত ওরা আরও ভালো খেলবে এবং বিশ্বকাপ জিতবে। আমাদের জন্য প্রার্থনা করবেন। সমর্থন করবেন। আপনাদের সমর্থন ও প্রার্থনা আমাদের জন্য আত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।”
ভিডিওর সঙ্গে একটি বার্তাও পোস্ট করেন ধাওয়ান। তাতে লিখেছেন- “এটা ঘোষণা করতে নিজেকে আবেগতাড়িত মনে হচ্ছে যে, আমি আর বিশ্বকাপ অভিযানের শরিক থাকব না। দুর্ভাগ্যের বিষয় হল আমার বুড়ো আঙুল ঠিক সময়ে সেরে উঠবে না। তবে খেলা চলতে থাকবে। আমার সতীর্থ, ক্রিকেট অনুরাগী ও গোটা দেশের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। জয় হিন্দ।”
উল্লেখ্য, কেনিংটন ওভালে সেঞ্চুরি করার পথে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ধাওয়ান। চিকিৎসকরা তাকে অন্তত ২১ দিন বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আঙুলে প্লাস্টারও করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারা যায় জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত ধাওয়ানের মাঠে ফেরার সম্ভাবনা নেই। তার জায়গায় ভারত দলে ডাক পেয়েছেন ঋষভ পন্ত।
