রাজধানীর সদরঘাটে লঞ্চের ঢেউয়ে পাঁচ যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুপুরের দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু মেশকাত ও নুসরাত একই পরিবারের বলে জানা গেছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক।
এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ সিকদার জানান, লঞ্চের ঢেউয়ের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে পাঁচ যাত্রী ছিলেন। তিনজন সাঁতারে তীরে উঠতে পেরেছেন। তবে দুই শিশু পানিতে তলিয়ে যায়।
শিশু দুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং কোস্টগার্ডের সদস্যরা অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের ডুবুরি দলের পাশাপাশি সদরঘাট কেবিন ক্রুজার বোট উদ্ধারকাজে ব্যবহার করা হয়।
