আমি গুলবাদিন বা বোর্ডের জন্য খেলি না: রশিদ

আপডেট : ২১ জুন ২০১৯, ০৮:৩২ পিএম

‘‘গুলবাদিন নাইব বা ক্রিকেট বোর্ডের জন্য আমি ক্রিকেট খেলি না।’’ ভারত ম্যাচের আগে এ মন্তব্য করেছেন রশিদ খান।

বিশ্বকাপে আফগানদের পারফরম্যান্স মোটেও ভালো নয়। পাঁচ ম্যাচের সব কটিতেই হেরেছে দলটি। এর মধ্যেই সাউদাম্পটনে শনিবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এমন ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক গুলবাদিন নাইব ও রশিদ খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠল।

খোদ রশিদ খানকেই করা হলো প্রশ্ন। উত্তর দিতে গিয়েই শুরুর ওই কথাটা বলেছেন রশিদ। একই সঙ্গে গুলবাদিনের সঙ্গে তার খারাপ সম্পর্কের গুঞ্জনটিও উড়িয়ে দিয়েছেন।

ভাবা হচ্ছিল রশিদ খান এবার আলো কাড়বেন বিশ্বকাপে। কিন্তু এই লেগি ৫ ম্যাচ খেলে এখনো সেভাবে নজর কাটতে পারেননি। নিয়েছেন মাত্র ৩ উইকেট। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান খরচার রেকর্ড গড়েছেন।

ধারণা করা হচ্ছে অধিনায়ক গুলবাদিনের সঙ্গে সম্পর্কটা তার ভালো নয়। কেননা বিশ্বকাপের ঠিক আগে আগে যখন আসগর আফগানকে সরিয়ে গুলবাদিনকে অধিনায়ক করা হয়, তখন বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন রশিদ। মোহাম্মদ নবীও ছিলেন সেই দলে।

তবে কি গুলবাদিনের সঙ্গে খারাপ সম্পর্কের জন্যই মাঠে বিবর্ণ রশিদ। এমনই এক প্রশ্নে রশিদ বললেন, ‘‘গুলবাদিনের সঙ্গে আমার সম্পর্কের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আসগর যখন অধিনায়ক ছিল, তাকে সমর্থক দেওয়ার মতোই আমি গুলবাদিনকে সমর্থন করি। আসগরকে যদি আমি মাঠে ৫০ শতাংশ সাপোর্ট করি, তবে গুলবাদিনকে শতভাগ সাপোর্ট করি।’’

২০ বছর বয়সী রশিদ যোগ করে বলেন, ‘‘আমি গুলবাদিন বা ক্রিকেট বোর্ডের জন্য খেলি না। আমি দেশের পতাকার জন্য খেলি। আফগানিস্তানের জন্য খেলি। আমি জানি আমার দায়িত্বটা কি। এবং আমি সেটি করে যেতে চাই।’’

অধিনায়কত্ব বদলের সময় কেন টুইট করেছিলেন সেই ব্যাখ্যাও দিয়েছেন রশিদ। বলেছেন, ‘‘আমার বা নবীর টুইট আসগরকে সমর্থনের জন্য ছিল না। আমরা আফগানিস্তান ক্রিকেটের উন্নতির জন্য আমাদের বক্তব্যটা উত্থাপন করেছি।’’

বিশ্বকাপের ঠিক আগে অধিনায়কত্ব বদল যে মোটেও ভালো সিদ্ধান্ত ছিল না, সেই কথাই আরেকবার বলেছেন রশিদ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত