সুজনের গোলটেবিল বৈঠকে অভিমত

সরকারের ব্যয়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে

আপডেট : ২২ জুন ২০১৯, ১২:৩৭ এএম

সরকারের ব্যয়ে জবাবদিহি ও স্বচ্ছতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন একটি গোলটেবিল বৈঠকের একাধিক বক্তা। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘বাজেট ২০১৯-২০ ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এ দাবি জানান।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘আমরা অনেক দিন থেকে সরকারকে বলছি, অর্থবছরের সময়সীমা জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর অথবা বাংলা ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে এপ্রিল-মার্চ করার জন্য। কিন্তু সরকার তা করছে না। পাকিস্তান এবং কয়েকটি দেশ ছাড়া কোনো দেশে অর্থবছরের জুলাই-জুনে নেই। জুন মাসে আবহাওয়া যে বিরূপ থাকে, তার অসিলায় অনেক অর্থ এদিক-সেদিক করার সুযোগ থাকে, দুর্নীতি বৃদ্ধি পায়; যে কারণে এ সরকার অর্থবছর পরিবর্তন করছে না।’

সরকারের ব্যয়ের ধরনের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘বড় অঙ্কের প্রকল্পে সরকারের অনেক আগ্রহ। কিন্তু অপেক্ষাকৃত কম অঙ্কের প্রকল্পে সরকারের আগ্রহ নেই। উন্নয়ন প্রকল্পের নামে সরকার ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন করছে। ব্যয়বহুল সেতুভবন সড়ক নির্মাণে বাংলাদেশ এরই মধ্যে বিশ্বে রেকর্ড করেছে। অথচ এ টাকাগুলো জনগণ নিজেদের পকেট থেকে দেয়। তার বিনিময়ে সরকার এবং সরকারি আমলারা কতটুকু সেবা দিচ্ছে, সেই সার্ভিস রেশিও নিয়ে জনগণের প্রশ্ন তোলা উচিত।’

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিশেষ গোষ্ঠীকে তুষ্ট করার উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সরকারের ব্যয়ের মাধ্যমে আমাদের জনগণের টাকা কোথায় ব্যয় হচ্ছে তার পূর্ণ জবাবদিহিতা থাকা দরকার। প্রয়োজনে সরকারি ব্যয় হিসাব-নিকাশ সংসদে উত্থাপনের মাধ্যমে প্রকাশ করা উচিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত