এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ভারত। এখন পর্যন্ত অপরাজিত দলটি। চির প্রতিদ্বন্দ্বীদের সাফল্য কামনা করেছেন পাকিস্তানের পেসার হাসান আলি। এই নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে তার।
বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেকে তেমন মেলে ধরতে পারেননি হাসান। ভারতের বিপক্ষে বল হাতে ৯ ওভারে দিয়েছিলেন ৮৪ রান! ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে ৮৯ রানে হারে পাকিস্তান।
ওই ম্যাচে জেতার পর টিম ইন্ডিয়ারকে শুভেচ্ছা জানিয়ে এক সাংবাদিক টুইট করেন, “অভিনন্দন ভারতীয় টিম, আমাদের একটা অসাধারণ ম্যাচ উপহার দেওয়ার জন্য। এ বার কাপটাও জেতো।” যার জবাবে হাসান লিখেছেন- “আপনার ইচ্ছে অবশ্যই পূরণ হবে। অভিনন্দন।”
তাতেই জোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। একে পারফরম্যান্স নেই। ভারতের বিরুদ্ধে তো বটেই, বাকি ম্যাচেও সেভাবে নজর কাড়তে পারেননি। লজ্জার হারের পর যখন পুরো টিম চুপচাপ, তখন হাসান কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে। বিতর্কের মুখে পড়ে ওই টুইট শেষ পর্যন্ত ডিলিট করতে বাধ্য হয়েছেন হাসান।
এই ঘটনার পর পাক পেস বোলারের তীব্র সমালোচনা করেছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তিনি রাখঢাক না করেই বলেছেন, “ওয়াঘা বর্ডার নিয়ে যে সবচেয়ে বেশি লাফালাফি করে, সে প্রয়োজনের সময় কিছুই করে দেখাতে পারল না। একের পর এক শর্ট পিচ বল করে গেল। পাকিস্তান প্রিমিয়ার লিগ খেলার বেশি কিছু ওর ভাবনায় নেই। বিশ্বকাপে ওর বলে পেস, সুইং কিছুই দেখতে পাইনি।”
